Tue. Feb 24th, 2026
তিস্তা নদী নিয়ে আর কোনো বিচ্ছিন্ন প্রকল্প হবে না -রংপুরে ত্রাণমন্ত্রী দুলু

মৌসুমি শঙ্কর ঋতা : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা নদী নিয়ে আর কোনো বিচ্ছিন্ন প্রকল্প হবে না। এই অঞ্চলের দুই কোটি মানুষের আকাঙ্খা তিস্তাকে ঘিরে। আমরা সমন্বিত প্রকল্পের মাধ্যমে তিস্তা খনন, কিংবা তিস্তার উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে নদী শাসন ও খননেন কাজ করবো। বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক দল। তাই অল্প সময়ের মধ্যে জনগণের দাবিগুলো বিবেচনায় নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, মাঠ প্রশাসনকে তিন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, বিদ্যুৎকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। এ ছাড়াও মাদক ও দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্সের কথা তুলে ধরাসহ বিভাগের অনেক দপ্তরে কর্মকর্তা-কর্মচারী ঘাটতি রয়েছে, অন্যান্য বিভাগের তুলনায় রংপুর বিভাগে অনেক প্রকল্প অন্তর্ভুক্তি হয়নি এখনও, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। মানুষ যাতে খুব সহজে সেবা পায় সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে মাঠ প্রশাসনের সঙ্গে। তিনি বলেন, বিগত সময়ে রংপুর বিভাগে বৈষম্য হয়েছে, যার কারণে মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে এবারে যাতে কোনো বৈষম্য না হয় বাজেটে, সেই চেষ্টা করব এই অঞ্চলের সন্তান হিসেবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের প্রাক্কালে রংপুরে এসেছিলেন, তিনিও রংপুরের উন্নয়ন-সম্ভাবনা নিয়ে বলেছেন। তিনি রংপুরকে কলকারখানা স্থাপনের মাধ্যমে এগিয়ে নেওয়ার কথা বলেছেন। তাই অপেক্ষা করেন, রংপুর অঞ্চলও অন্যান্য অঞ্চলের মতো সমভাবে উন্নত হবে।

এর আগে, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অন্যান্য কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন ত্রাণমন্ত্রী। এসময় রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *